Monday, June 6, 2022


মেসি শুধু আর্জেন্টিনার নয়, বিশ্বের সম্পদ



 শিরোপার মান নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে শিরোপা তো শিরোপাই! চার দিন আগে ইতালিকে গুঁড়িয়ে দিয়ে ‘লা ফিনালিসিমা’ জিতেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার পর ১১ মাসে দুই শিরোপা হয়ে গেল। উন্মাদনার রেশ থাকতে থাকতেই কাল আরেকবার আর্জেন্টাইনদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন লিওনেল মেসি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১০তম এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ নিয়ে আর্জেন্টিনায় এমনিতে হয়তো তেমন রোমাঞ্চ থাকত না, কিন্তু আর্জেন্টিনার ৫-০ গোলের জয়ে পাঁচটি গোলই করে ম্যাচটাকে আলোচিত করে রেখেছেন মেসি। এমন ম্যাচের পর তো মেসি-বন্দনাই হওয়ার কথা! হচ্ছেও। সামাজিক যোগাযোগমাধ্যমে তো হচ্ছেই, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও মেতেছেন মেসির প্রশংসায়।



গতকালই নিজের ১৪তম ফ্রেঞ্চ ওপেন ও সব মিলিয়ে ২২তম গ্র্যান্ড স্লাম জেতা ৩৬ বছর বয়সী নাদালের সঙ্গে মেসির তুলনা টেনেছেন স্কালোনি। আর প্রশংসায় হয়ে পড়েছেন ভাষাহীন। আর মেসি কী বললেন? ইনস্টাগ্রাম পোস্টে নিজের ব্যাপারে কিছুই বললেন না আর্জেন্টিনা অধিনায়ক, তাঁর যত তৃপ্তি শুধু দলের পারফরম্যান্স নিয়ে।

Sunday, June 5, 2022


E 

মেসিদের নাচ দেখে নেইমার বললেন ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১১:০৮ এএম, ০৩ জুন ২০২২

ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জেতার পর মাঠে বাঁধভাঙা উচ্ছ্বাস করেছে আর্জেন্টিনা ফুটবল দল। উদযাপন থামেনি ড্রেসিংরুমে গিয়েও। বরং ড্রেসিংরুমে আরও বেড়েছে মাত্রা। এক বছরের মধ্যে দ্বিতীয় শিরোপার উল্লাসে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও টেনে আনে আর্জেন্টিনার খেলোয়াড়রা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্রাজিলকে খুঁচিয়ে গান গাইছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই গানের কথাগুলো ছিল এমন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেলো?’

ইনস্টাগ্রামে ফুটবল ইজ আর্ট নামের একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার সেই গান গেয়ে উদযাপনের ভিডিও। সেখানে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের কটাক্ষ করে মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’



মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে নেইমারের এই কমেন্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফুটবল ইজ আর্টের সেই ভিডিওতে যেখানে লাইক পড়েছে ২৮ হাজার ৬৭৬টি। সেখানে নেইমারের এক বাক্যের মন্তব্যে লাইক পড়েছে ২৮ হাজার ১৯২টি।

অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ ব্যতীত ব্যক্তি ও খেলোয়াড়ি জীবনে মেসি ও নেইমার খুবই কাছের বন্ধু। দীর্ঘদিন একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন তারা। এখন রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ে। যেখানে মেসি ছাড়াও অ্যাঞ্জেল ডি মারিয়া, লেওনার্দো পারেদেসদের সঙ্গে খেলেন নেইমার।